প্রতিবেশী দেশ ভারতের রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেসে’ করে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) দেশে এসেছে। বেনাপোল বন্দর হয়ে গতকাল রবিবার বেলা পৌনে ১১টার দিকে অক্সিজেনের ১০টি কনটেইনারবাহী ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড এই অক্সিজেন আমদানি করেছে। সিরাজগঞ্জ থেকে গতকালই সড়কপথে কনটেইনারগুলো ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ভারত থেকে অক্সিজেনবাহী ট্রেন গত শনিবার রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে এটি গতকাল সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এখান থেকে খালাস করে সড়কপথে ঢাকা নেওয়া হয়। টাটা দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা দেয় বলে জানান তিনি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অক্সিজেন বুঝে নিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর রহমান, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামাপদ রায় প্রমুখ।
গত ২৪ এপ্রিল ভারতে অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়। এ পর্যন্ত দেশটির অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চলাচল করলেও গতকাল প্রথমবারের মতো বাংলাদেশে পরিবহন করা হলো।
এর আগে ঈদের দিন বুধবার জরুরিভাবে ভারত থেকে বাংলাদেশে আসে ১৮০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের একটি চালান। ওইদিন ভারতীয় অংশের পেট্রাপোল থেকে ১১টি ট্যাংকারে অক্সিজেনের চালানটি পাঠায় ভারতীয় কর্র্তৃপক্ষ। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ভারতে অক্সিজেন সংকট দেখা দিলে দেশটি থেকে তা আমদানি বন্ধ ছিল।
