মাসে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০২:১৯ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী দিনে প্রতি মাসে এক কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে কবে থেকে প্রতি মাসে এক কোটি ডোজ টিকাদান শুরু হবে এ ব্যাপারে তিনি কিছু জানাননি। গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি কনভেনশন সেন্টারকে করোনা হাসপাতালে রূপান্তর কাজ পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরে টিকা ব্যবস্থাপনার বিষয়ে একটি বৈঠক করা হয়েছে এবং সামনের মাসগুলোতে কোন দেশ থেকে কত ভ্যাকসিন আসবে এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, আগামী এক বছরে ২১ কোটি ডোজ টিকা দেশে আসবে। সে অনুযায়ী পরিকল্পনা করছি।’

সরকারের আট কোটি টিকা সংরক্ষণের সক্ষমতা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের হাতে এখন আল্ট্রা কোল্ড ফ্রিজারে সংরক্ষণ করতে হয় এমন ৩০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে। টিকা রাখার ব্যবস্থাপনা জরুরি। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিদেশ থেকে ফ্রিজ আনার পরিকল্পনা চলছে। এরপরই এক কোটি ডোজ সংরক্ষণ করা যাবে।’

জাহিদ মালেক বলেন, ‘যেভাবে রোগী বাড়ছে, হাসপাতালে বেড সংকট দেখা দিতে পারে। ইতিমধ্যে ৮০ শতাংশ বেডে রোগী ভর্তি রয়েছে। এই ফিল্ড হাসপাতালের কার্যক্রম সাত দিনের মধ্যে চালু করতে পারব। ভিসির সঙ্গে কথা বলেছি, আশা করছি আগামী শনিবার থেকে আমরা রোগী ভর্তি করতে পারব।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশিদ আলম, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত