জিমন্যাস্টিকসে আজ রাশিয়া-আমেরিকা লড়াই

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১১:৫০ পিএম

ঠান্ডা যুদ্ধের কাল পেরিয়ে গেছে। তবু যেখানেই আমেরিকা আর রাশিয়ার লড়াই হোক অন্যরকম একটা মাত্রা যোগ করবেই। আজ তেমনি এক লড়াই টোকিও অলিম্পিকের নারী জিমন্যাস্টিকের দলগত ইভেন্টের ফাইনালে। অ্যাঞ্জেলিনা মেলনিকোভার রাশিয়ার বিপক্ষে নামছে সিমোন বাইলসের আমেরিকা।

আমেরিকাই ফেবারিট। রিও অলিম্পিকে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। তাছাড়া দলে আছেন সিমোন বাইলসের মতো বিশ্বসেরা জিমন্যাস্ট। এই নামটির সঙ্গে কম-বেশি অনেকেই পরিচিত। তার নিখুঁত জিমন্যাস্টিক অভিভূত করে সারা বিশ্বকে। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম নারী জিমন্যাস্ট যিনি এক অলিম্পিকে চারটি সোনা জিতেছিলেন। সব মিলিয়ে মোট ২৭টি সোনা, ৪টি রুপা এবং ৪টি ব্রোঞ্জ তার দখলে। আজ তার সামনে রাশিয়াকে হারিয়ে একটা অভিযোগের জবাব দেওয়ার উপলক্ষ আছে। রুশ হ্যাকাররা তাকে নিয়ে অভিযোগ এনেছিল যে, ডোপ করে ২০১৬-র রিও অলিম্পিকে দীপা কর্মকারকে হারিয়েছিলেন তিনি। আজ রাশিয়ান হ্যাকারদেরও একটা জবাব দিতে পারেন বাইলস। তাছাড়া টোকিও অলিম্পিকে ব্যক্তিগত বা দলীয় সাফল্যের মাধ্যমে একটা ট্রমা থেকেও বেরিয়ে আসতে চান তিনি। ২০১৮ সালে সিমোন যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন ল্যারি নাসার বিরুদ্ধে। ল্যারি নাসা আমেরিকার জাতীয় জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক। অভিযোগের পর নেটমাধ্যমে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে সিমোন লেখেন, ‘বেশিরভাগ মানুষ আমাকে চেনেন হাসিখুশি, চনমনে স্বভাবের একটি মেয়ে হিসেবে। কিন্তু সেই মেয়েটিই ওই ঘটনার পর একদম কুঁকড়ে গিয়েছিল মানসিকভাবে।’ টোকিও অলিম্পিককে এসব কিছুর জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিতে চান তিনি। টোকিও আসার আগে ইন্ডিয়ানাপোলিসে ইউএস ক্লাসিক্স জিমন্যাস্টিকসে মারণ ভল্ট দিয়ে যিনি সাড়া ফেলে দিয়েছিলেন। যে ভল্টটির নাম ছিল ইউরচেঙ্কো ডাবল পাইক। আজ রাশিয়াকে হারাতে তেমন কিছু-কি ভেবে রেখেছেন তিনি? বাইল বলেছেন, ‘আমরা দল হিসেবে নিখুঁত অনুশীলন করেছি এবং খেটেছি। ফাইনালে দলীয়ভাবে সেরা পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছি।’

জিমন্যাস্টিকে আমেরিকার দলগত পারফরম্যান্স অসাধারণ। ২০১১ সাল থেকে তারা অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী। তবে রাশিয়া রবিবার বাছাই রাউন্ডে দারুণ রেজাল্ট করেছে। ১৭১.৬২৯ তাদের সম্মিলিত স্কোর। যুক্তরাষ্ট্রের স্কোর ১৭০.৫৬২। রাশিয়ান দলের নেতৃত্ব দেবেন রিও অলিম্পিকের রুপাজয়ী মেলনিকোভা। যে দলে রয়েছে ভালদিসলাভ উরাজোভা এবং ভিক্টোরিয়া লিস্তুনোভার মতো প্রতিভাবান ষোড়শী জিমন্যাস্ট।

রুশদের নারীদের জন্য দারুণ উদ্দীপনার খবর দিয়েছে পুরুষ। ২৬২.৫০০ স্কোর করে স্বর্ণ জিতেছে রাশিয়া অলিম্পিক কমিটির পতাকা নিয়ে অংশ নেওয়া রুশ জিমন্যাস্ট দল। তাদের চেয়ে মাত্র দশমিক ১১৩ পয়েন্ট পেছনে পড়ে রুপা জিতেছে জাপান। চীন পেয়েছে ব্রোঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত