সাংবাদিকদের তথ্যমন্ত্রী

করোনাকালে দেশে একজন মানুষও না খেয়ে মরেনি

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৩:৪১ এএম

বাংলাদেশে আজকে প্রায় দেড় বছর করোনা কিন্তু খেটে খাওয়া মানুষের দেশে একজন মানুষও না খেয়ে মরেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সরকার ও  আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক তৎপরতার কারণে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। সাময়িক অসুবিধা যে হচ্ছে না, তা নয়। অবশ্যই অনেকের সাময়িক অসুবিধা হচ্ছে। তবে এ অসুবিধা সাময়িক।’ গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অতীতে বাংলাদেশে বিএনপি অনেক হিংস্রতা দেখিয়েছে উল্লেখ করে  তথ্যমন্ত্রী বলেন, ‘বিশেষ করে ২০১৩, ১৪ ও ১৫ সালে মানুষকে পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। বহু মানুষকে ঝলসে দেওয়া হয়েছে, অনেকেই পঙ্গু হয়ে গেছেন। এই হিংস্রতার রাজনীতি বাংলাদেশ এর আগে কখনো দেখেনি। পৃথিবীতে সমসাময়িককালে রাজনীতির কারণে মানুষকে এভাবে পুড়িয়ে হত্যা করা হয়, এটি কেউ দেখেনি।’

সরকার একদলীয় শাসন কায়েমের অভিপ্রায় নিয়ে দেশ শাসন করছে। এজন্য বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এখন যদি লকডাউনের মধ্যে কেউ ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হয়, তাহলে তিনি যদি কোনো দল করেন এবং তিনি যদি ফৌজদারি মামলার আসামি হন, তাকে কি গ্রেপ্তার করা যাবে না? আমার প্রশ্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা ফৌজদারি আসামির পক্ষ কেন নেন?’

যেকোনো রাজনীতিবিদ যদি ফৌজদারি মামলার আসামি হন, আইন এবং আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেনÑ ‘আইন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ফৌজদারি অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এখানে রাজনীতির কোনো সংশ্লেষ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত