চট্টগ্রাম নগরীতে কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১৬টি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে এসব মামলায় ৮৬ হাজার ৪শ টাকা জরিমানাও আদায় করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসন, চসিক ও বিআরটিএর ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান, রেস্টুরেন্ট ও শপিংমল খোলা রাখায় ২১৬টি মামলায় ৮৬ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
