দেশে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে এই জুলাই মাসেই। এখন পর্যন্ত ১ হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে শুধু এ মাসেই। তাদের ৯৯ শতাংশই ঢাকার। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৪২ জনই ঢাকার, অন্যজন ঢাকার বাইরের। এটি চলতি বছরে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ৫০৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৫০০ জন, আর বাকি ৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ১ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ১ হাজার ৪৩৩ জন। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
