অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না প্রিন্স

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১০:৩৫ পিএম

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সকে পাচ্ছে না বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ঢাকার পথে থাকলেও প্রিন্স তার দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন।

জুনের শুরুতে প্রিন্সকে জিম্বাবুয়ে সফরের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারের কাজে বেশ সন্তুষ্ট বিসিবি। তাই তার সঙ্গে চুক্তির মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়াতে আগ্রহী দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

দিন দু-এক আগে বিসিবির ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে এমন তথ্যই জানান। সেই হিসেবে অস্ট্রেলিয়া সিরিজেও প্রিন্স টাইগারদের সঙ্গে থাকছেন বলে আশা করা যাচ্ছিল। তবে বাস্তবতা হলো, প্রিন্সকে ৩ আগস্ট শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় প্রিন্স তার দেশে ফিরে গেছেন।

বুধবার সংবাদমাধ্যমকে আকরাম খান বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ শেষে প্রিন্স দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে আমরা তাকে পাব না। এর আগে প্রিন্সকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাখার লক্ষ্যের কথা বলেছিলাম। আগামী ৬-৭ দিনের মধ্যে এ বিষয়ে যে কোনো কিছু নিশ্চিত হওয়া যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত