হলিউডের বিখ্যাত ছবি ‘বেবিজ ডে আউট’ দেখেছেন অনেকেই। নতুন খবর, বলিউডে নতুন করে আলোচনায় ছবিটি। যে আলোচনার নায়ক সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর। যাকে নিয়ে ‘বেবিজ ডে আউট’-এর ভারতীয় সংস্করণ করার দাবি উঠেছে। না ওঠার কারণও নেই। তৈমুরের বাবা ও মায়ের পুরো বংশটাই তো অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে। তাহলে তৈমুর আলি খানই বা বাকি থাকবে কেন? সাইফ ভক্তদের আবদার, ছেলে তৈমুরকে নিয়ে যেন তিনি ‘বেবিজ ডে আউট’-এর হিন্দি রিমেক বানান। এদিকে ভক্তের এই অমø-মধুর আবদারে সাড়া দিয়েছেন সাইফ আলি খান। বলেছেন, ‘আমি যতটা ধীর-স্থির তৈমুর ততটাই দুরন্ত। আমার ধারণা, কিছুক্ষণ শ্যুটের পর ও ধৈর্য হারিয়ে সব পরিকল্পনা ভেস্তে দেবে। ওকে সামলানো আমার পক্ষে সম্ভব হবে না।’
সাইফের পাল্টা অনুরোধ, ‘আপনারা বরং আমাদের নিয়ে চেষ্টা করতে পারেন। হয়তো সফল হবেন।’ ‘বেবিজ ডে আউট’ না হোক, অন্যভাবে অন্য সময়ে হলেও সত্যি সত্যিই কি তৈমুরকেও অভিনয়ে আনতে চান সাইফ? এমন প্রশ্ন কিন্তু ঘুরছে বলিউডে। এক সাক্ষাৎকারে সাইফ প্রশ্নটির উত্তর দিয়েছেন, ‘আমার মা কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের আবিষ্কার। পরিবারের প্রায় সবাই বিনোদন জগতের সঙ্গে যুক্ত আমরা। আমি নিশ্চিত, তৈমুরও আগামী দিনে রুপালি পর্দার হাতছানিতেই সাড়া দেবে।’
