ইসরায়েলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস নামের আড়িপাতার সফটওয়্যার নিয়ে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। এনএসওকে কালো তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আহ্বান করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
বিশ্বের বিভিন্ন দেশে এই পেগাসাস ব্যবহার করে হাজারো মানুষের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এমন ৫০ হাজারের বেশি ফোন নম্বরের তথ্যভা-ার পেয়েছিল প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ। পরে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহযোগিতা নিয়ে ওই নম্বরগুলো ধরে অনুসন্ধান চালায় বিভিন্ন দেশের ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এই পেগাসাস ব্যবহার করে যাদের ফোনে আড়িপাতা হয়েছে, তাদের তালিকাও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। এ তালিকায় বিভিন্ন দেশের রাজনীতিক, ব্যবসায়ী, মানবাধিকারকর্মীরা রয়েছেন। এরপর থেকেই এ নিয়ে সমালোচনা শুরু হয়।
ওয়াশিংটন পোস্টের খবর বলা হয়, ওই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা বা নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটদের চার আইনপ্রণেতা। এ চারজন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। তারা হলেন টম মালিনস্কি, কেটি পোর্টার, জোয়াকিন কাস্ত্রো ও আনা জি ইশু। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। সম্প্রতি এনএসও গ্রুপের সফটওয়্যার অপব্যবহার যে বিষয়টি সামনে এসেছে, তাতে আমাদের অভিমত হলো, এই হ্যাকিংকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে।’ তারা আরও বলেন, বিভিন্ন দেশের কর্র্তৃত্ববাদী সরকারের কাছে এসব সফটওয়্যার বিক্রি বন্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। প্রয়োজনে এই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।
