তিন দিনের ব্যবধানে ভারতীয় রেলওয়ের ‘ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসে’ করে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) দেশে এসেছে।
বেনাপোল স্থলবন্দর হয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অক্সিজেনের ১০টি কনটেইনারবাহী ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
এ নিয়ে বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৪০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করল। সিরাজগঞ্জ থেকে গতকালই সড়কপথে কনটেইনারগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডিপোর কারখানায় নেওয়া হয়।
লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে আসার পর পশ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে তাদের কর্মকর্তারা অক্সিজেন গ্রহণ করেন। এরপর খালাস করে অক্সিজেনবাহী লরিতে এগুলো সড়কপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডিপো কারখানায় নেওয়া হয়। প্রক্রিয়াজাত শেষে সেখান থেকে চাহিদা অনুযায়ী এ অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
গত ২৬ জুলাই প্রথম চালানে ২০০ মেট্রিক টন অক্সিজেন সিরাজগঞ্জে এসেছিল। এরপর একইভাবে খালাস করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেওয়া হয়েছিল বলে জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন।
