করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছর এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১৪৩ জন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে সব মিলে এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৮ জন। এর মধ্যে চলতি মাসেই শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৬ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ হাজার ৫২৬ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫০ এবং ঢাকার বাইরে হাসপাতালে তিনজন ভর্তি হন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৬৮ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৫৭ এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগের হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন।
ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া তিন রোগীর তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘এ বছর ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ফলে জ্বর হলে এখন করোনার সঙ্গে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এ পরীক্ষার সুযোগ রয়েছে। আর সংক্রমিত হলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।’
