বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষক-শিক্ষার্থীর উদ্ভাবিত ‘অক্সিজেট’ নামের যন্ত্রটির পরীক্ষামূলক উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।
ডিজিডিএ’র উপপরিচালক মো. সালাউদ্দিন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জরুরি ব্যবহারের জন্য স্বল্পসংখ্যক অক্সিজেটের (২০০ ইউনিট) সীমিত অনুমোদন দেওয়া হয়েছে সুনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য। এটি অনেকটা ট্রায়ালের অংশ।’
এই কর্মকর্তা বলেন, ‘প্রত্যেক রোগীর তথ্য রাখতে হবে। দেখতে হবে যে এতে রোগীর উপকার হচ্ছে কি না, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না কিংবা কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না।’
সবকিছু পর্যবেক্ষণ করে যন্ত্রটির গণ-উৎপাদনের অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
এ যন্ত্রের মাধ্যমে তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদেরও হাসপাতালের সাধারণ বেডে রেখেই উচ্চমাত্রায় অক্সিজেন-সহায়তা দেওয়া যায় বলে জানিয়েছেন উদ্ভাবকরা।
