নজরুলসংগীত আর ফিরোজা বেগম যেন এক হয়ে গেছেন। সেই কিংবদন্তি শিল্পীকে নিয়ে তৈরি করা হলো ডিজিটাল আর্কাইভ। গত বুধবার শিল্পীর ৯১তম জন্মবার্ষিকীতে উদ্বোধন হলো এই আর্কাইভ। www.ferozabegum.com নামের এই ডিজিটাল আর্কাইভে থাকছে তার সংগীত, সাক্ষাৎকার, তাকে নিয়ে প্রতিবেদনসহ দুর্লভ সব সংগ্রহ। ফিরোজা বেগমকে নিয়ে এই আয়োজন করেছে এসিআই ফাউন্ডেশন। উদ্বোধনী আয়োজনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ফিরোজা বেগম আজীবন একনিষ্ঠভাবে নজরুলসংগীত সাধনা করেছেন। নজরুল-দর্শনকে শুধু আত্মস্থই করেননি, এর প্রচারও করেছেন।’ ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার বক্তব্য পড়ে শোনান সঞ্চালক সাদিয়া আফরিন মল্লিক, ‘শিল্পী ফিরোজা বেগমের ঐশ্বরিক কণ্ঠ এবং তার একাগ্র সাধনায় নজরুলসংগীত এই উপমহাদেশে জনপ্রিয় করে তোলেন। এ মহান শিল্পীর জীবন ও কর্মের অনেকটাই এই আর্কাইভে সংরক্ষিত আছে। অনুরোধ করব, কারও কাছে গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন থাকলে আমাদের কাছে হস্তান্তর করবেন। আমরা সম্মানের সঙ্গে তা এই আর্কাইভে সংরক্ষণ করব।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা কোনো কিছুই সংরক্ষণ করি না। ফিরোজা আপার গান যদি হারিয়ে যায়, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি হবে। আমরা এ ধরনের কাজ যদি আরও বেশি করি, তাহলে আমাদের সংস্কৃতি-ঐতিহ্যকে ধরে রাখতে পারব।’
এ ছাড়া শিল্পী মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, ফিরোজা বেগমের ভাই সাবেক সচিব ও গীতিকার মোহাম্মদ আসাফ উদ দৌলাহ, ছেলে শাফিন আহমেদ স্মৃতিচারণা করেন। ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠান আরতি মুখার্জি, হৈমন্তী শুক্লা, অনুপ ঘোষাল, শ্রীকান্ত আচার্য প্রমুখ। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন ফিরোজা বেগম।
