কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৮%

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:২২ এএম

করোনা মহামারীর প্রকোপের মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের গত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯৮ শতাংশ। এ অগ্রগতি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি। জাতীয় গড় অগ্রগতি ৮০ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। ২০২০-২১ অর্থবছর কৃষি মন্ত্রণালয়ের ৮৫ প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৩১২ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ২৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা বরাদ্দের ৯৮ শতাংশ।

কৃষিমন্ত্রী বলেন, চলমান করোনা মহামারী ও ঘূর্ণিঝড়, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জের মোকাবিলা করে এ সাফল্য অর্জন খুবই সন্তোষজনক। দেশে কৃষি উৎপাদন খুবই ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে। অন্যদিকে মানুষ বাড়ছে। নগরায়ণ-শিল্পায়নসহ নানা কারণে চাষের জমি কমছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে কভিডের প্রভাব। এ পরিস্থিতিতে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা ধরে রাখতে সচেতন হতে হবে। চলতি অর্থবছর নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। যাতে দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত