সুন্দরবনের বাঘ সংরক্ষণের লক্ষ্যে রক্ষিত এলাকার পরিমাণ আরও বাড়ানো হবে। ইতিমধ্যে বাঘ শিকার প্রতিরোধে সুন্দরবনের মধ্যে জিপিএসের সাহায্যে ‘স্মার্ট পেট্রোলিং’ও পরিচালনা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে ‘বাঘ বাঁচায় সুন্দরবন, সুন্দরবন বাঁচায় লক্ষ জীবন’ প্রতিপাদ্যে বন অধিদপ্তরের আয়োজনে ওয়েবিনারে এমন বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
হাবিবুন নাহার বলেন, সুন্দরবনে বন ও বন্য প্রাণী রক্ষায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বন বিভাগ ড্রোন ব্যবহার করছে। বন্য প্রাণীর সুপেয় পানির জন্য প্রয়োজনীয়সংখ্যক মিঠাপানির পুকুর খনন করা হয়েছে। সুন্দরবনে বর্তমানের ১০০টি বাঘের সংখ্যা দ্বিগুণ করতে কাজ করছে সরকার। কভিডকালে সুন্দরবনে মানুষের উপদ্রব কম হওয়ায় বাঘের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বাঘের বসবাস উপযোগী নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
