হোটেলে যুবকের ঝুলন্ত লাশ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০২:৩৫ এএম

রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে রাকিব হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বড় হারজী গ্রামের মো. হিমুর ছেলে রাকিব। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়। পরিবার নিয়ে কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় থাকেত। চকবাজার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করত সে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৭ নম্বর ফকিরাপুল নিউ মিতালী আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০৪ নম্বর রুমের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রুমের ভেতর ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল সে।

রাকিবের বাবা মো. হিমু জানান, ২০-২৫ দিন আগে রাকিব গ্রামের বাড়ি পিরোজপুরের যায়। ঈদের দুদিন পর সে গ্রাম থেকে ঢাকায় আসে। তবে ঢাকায় এসে কোথায় ছিল তা বলতে পারেন না। গত সোমবার তার মাকে ফোন দিয়ে কথা বলে সে। তখন মায়ের কাছে ক্ষমা চেয়ে সে বলে, মা আমাকে মাফ করে দিও। এরপর অনেক চেষ্টা করেও তার ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছিল না। সবশেষ বৃহস্পতিবার সকালে থানা পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত