যুক্তরাষ্ট্র, ইইউ ও মার্কস অ্যান্ড স্পেনসারকে চিঠি

অ্যান্টিজেন কিট সরবরাহের আহ্বান বিজিএমইএর

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০২:৩৯ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে জেরবার বাংলাদেশ। প্রতিদিন নিত্যনতুন রেকর্ড গড়ে চলেছে এ ভাইরাস। করোনার প্রকোপে বন্ধ আছে তৈরি পোশাকসহ সব শিল্পকারখানা। গার্মেন্টস শিল্পকে নিরাপদ করতে টিকা দেওয়ার বিকল্প নেই। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং মার্কস অ্যান্ড স্পেনসারকে আলাদা আলাদা চিঠি দিয়ে সাহায্য চেয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত পৃথক চিঠিতে সাহায্যের আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে দেওয়া চিঠিতে বিজিএমইএ সভাপতি দ্রুত অ্যান্টিজেন টেস্ট কিট এবং তৈরি পোশাক শিল্পের কর্মীদের দ্রুত শনাক্তের মাধ্যমে টিকা দেওয়ার নিশ্চয়তার অনুরোধ করেন।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তার অপর এক চিঠিতে পোশাক খাতের সামনের সারির শ্রমিকদের কভিড-১৯ ভ্যাকসিন সরবরাহে বিজিএমইএকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়।

দ্রুত অ্যান্টিজেন পরীক্ষার কিট সংগ্রহ করতে সহায়তা করার জন্য এবং সর্বাগ্রে বিজিএমইএ কভিড-১৯ সহায়তা তহবিলে সহায়তার জন্য মার্কস অ্যান্ড স্পেনসারকে (এম অ্যান্ড এস) অনুরূপ একটি চিঠি দেওয়া হয় বিজিএমইএর পক্ষ থেকে।

বিজিএমইএ সভাপতি চিঠিতে আরও বলেছেন, পোশাক খাতের শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য, এ খাতকে টিকিয়ে রাখা এবং পোশাক খাতকে ভবিষ্যতে আরও টেকসই করার জন্য এই মুহূর্তে এ খাতের সঙ্গে জড়িত সকল স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত