করোনাকালে মুক্তি পাওয়া অন্যতম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ এবার ছোটপর্দায় প্রচার হতে পাচ্ছে। পরপর দুদিন দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।
১০ পেরিয়ে শুক্রবার ১১ বছরে পা দিল চ্যানেলটি। বিশেষ এই দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রিমিয়ার হবে ‘বিশ্বসুন্দরী’র। শনিবার একই সময়ে দ্বিতীয়বার প্রচার হবে চয়নিকা চৌধুরী পরিচালিত ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমণি ও সিয়াম আহমেদ।
নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু জানিয়েছেন, ছবিটির সম্প্রচার সহযোগী যেহেতু মাছরাঙা টেলিভিশন, তাই মাছরাঙার পর্দাতেই টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। পরবর্তীকালে অন্য টিভি চ্যানেলেও প্রচারিত হবে।
পরীমণি বলেন, “বিশ্বসুন্দরীর জার্নিটা আমার কাছে সারাজীবন মনে রাখার মতো একটা জার্নি। সিনেমাটা বরাবরই আমার ভালোবাসার জায়গা জুড়ে থাকবে। মাছরাঙা টেলিভিশনের ১০ বছর পূর্তিতে বিশ্বসুন্দরী ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে এটা আমার জন্যে ভীষণ আনন্দের!”
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ছবিটি গত ১১ ডিসেম্বর মুক্তি পায়। এরপর টানা ১০০ দিনের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।
রুম্মান রশীদ খানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নির্মিত হয়েছে ছবিটি। তিনি বলেন, “বিশ্বসুন্দরী প্রেমের গল্প, মানবতার গল্প, দেশের গল্প। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মনের, মননের, সেটিই এ ছবির মূল প্লট। আমরা অনেক সময় মানুষকে বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করি।”
সিয়াম-পরী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আলমগীর।
