‘লকডাউনে’ কর্মহীনসহ গৃহবন্দি হয়ে থাকা অসহায় দুস্থ ও পথচারীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের বাটার গলি দলীয় কার্যালয় থেকে বরিশালের ৩০টি ওয়ার্ডে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। এ সময় তিনি বলেন, বর্তমান লকডাউনের মধ্যে অসহায় দুস্থ কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন ছিল। আমরা বিভিন্ন মানুষের কাছ সহযোগিতা নিয়ে চলমান লকডাউনের মধ্যে প্রতিদিনই পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডের ছয় শতাধিক পরিবারের ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। আগামী ৫ আগস্টের পরও যদি সরকার লকডাউন সময়সীমা বৃদ্ধি করে তাহলেও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদ জেলা আহ্বায়ক ইমরান হাবীব রুমন।
