টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হালিম করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হালিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। বিকেলে ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং সন্ধ্যায় তার গ্রামের বাড়ি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শাবলকুড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
হালিম টাঙ্গাইল আইনজীবী (বার) সমিতির সাবেক সভাপতি। ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। তিনি ভূঞাপুর ইব্রাহিম খাঁ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হালিম ২০১৪ সালে এবং ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
