এ বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছে চলতি জুলাই মাসে। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার জন। আর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৬২। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৭০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৭৯ ও ঢাকার বাইরে ৩০ জন ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ভর্তি ১৬৪ জনের মধ্যে ৩২ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে এবং ১৩২ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন।
রাজধানীর হাসপাতালে ভর্তি ১৬৪ জনের মধ্যে সবচেয়ে বেশি মিটফোর্ড হাসপাতালে ২৭, হলি ফ্যামিলি হাসপাতালে ১৫, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ১৪, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপতালে ১৪, আদ-দীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯ জন ভর্তি রয়েছেন। ঢাকার বাইরের ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা জেলায় ৫, যশোর জেলায় ১ জন।
এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সন্দেহে চারজনের তথ্য পর্যালোচনা করছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব চললেও ২০১৯ সালে ঢাকায় ব্যাপকভাবে এ রোগ ছড়ায়। সে সময় সরকারি হিসাবে দেশে লাখের বেশি মানুষ আক্রান্ত ও দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।
