ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই হাটুভাঙ্গা রোডের নির্মাণাধীন ফ্লাইওভার এলাকায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহন চালুর ঘোষণার পর শনিবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।
যানজটে আটকে পড়ে চলাচলকারী টাঙ্গাইলমুখী শত শত যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে বলে জানা গেছে।
শুক্রবার শিল্পকারখানা খোলার ঘোষণার পর কারখানার শ্রমিকরা ট্রাক, পিকআপভ্যান, লেগুনা করে ঢাকার দিকে ছুটতে থাকে। শনিবার শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার গণপরিবহন চালুর ঘোষণা দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।
যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের গোড়াই হাঁটুভাঙ্গা রোডের নির্মাণাধীন ফ্লাইওভার এলাকায় শনিবার রাত থেকে যানজটের সৃষ্টি হতে থাকে।
এই যানজট গাজিপুরের কালিয়াকৈর উপজেলার কাছাকাছি দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। রবিবার বেলা ১২টা পর্যন্ত এই যানজট অব্যাহত রয়েছে।
গোড়াই খামাড়পাড়া এলাকার বাসিন্দা বাবুল শিকদার বলেন, শনিবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। রাতভর ওই এলাকায় যানজট হয়ে রবিবার পর্যন্ত তা চলছে।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, শনিবার রাত থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়কের ওই স্থানে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
