চট্টগ্রামের চন্দনাইশে মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবতার (২৮) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর বুলার তালুক রাস্তার মাথাসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। আবতার চকরিয়ার খুটাখালী এলাকার প্রয়াত ছৈয়দ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় যাত্রীবাহী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক আবতার মারা যান। আহত হন ওই মাইক্রোবাসের ৫ যাত্রী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
