টানা তিন দিন ধরে দাবানলে জ্বলছে তুরস্কের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশ। দমকা বাতাস আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে বন্যপ্রাণীর পাশাপাশি গৃহপালিত পশুপাখিও মারা যাচ্ছে। এ অবস্থায় দেশটির পাঁচটি প্রদেশ ‘দুর্যোগ অঞ্চল’ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গত বুধবার থেকে শুরু হওয়া দাবানলে পুড়ে গেছে অনেক ঘরবাড়ি ও বনভূমি। তবে দমকল বাহিনীর প্রচেষ্টায় গত শনিবার পর্যন্ত ৮৮ জায়গার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানলের ভয়াবহতা থামাতে লড়ছে দেশটির বিভিন্ন জরুরি সংস্থার কর্মীরা। কিছু জায়গার পরিস্থিতি উন্নতি হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি শনিবার টুইট করেন, এন্টালিয়ার জনপ্রিয় পর্যটক অঞ্চলে তিনটি স্থানের আগুন এখনো সক্রিয় রয়েছে।
