‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের মোক্ষম সুযোগ এটি। অজিদের বিপক্ষে সচরাচর খেলার সুযোগ পায় না বাংলাদেশ। তাই আমাদের জন্য এটা বড় সিরিজ। ভালো করার জন্য মুখিয়ে আছি। আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করতে হবে।’
বলেছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। আগামীকাল থেকে শুরু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এক ভিডিও বার্তায় বলছিলেন তিনি। জিম্বাবুয়ে থেকে ২৯ জুলাই ফিরে তিন দিন হোটেল কোয়ারেন্টাইন শেষে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিকেলে অনুশীলন করে উইন্ডিজ সফর করে আসা অস্ট্রেলীয়রা। সিরিজে ভালো উইকেট চান ডমিঙ্গো যেখানে পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া যায়, ‘হোম কন্ডিশন আমাদের মানিয়ে নিতে সহায়তা করে। টি-টোয়েন্টি ভালো উইকেটে হতে হয়। বিশ্বকাপে আমাদের দেশের বাইরে খেলতে হবে। তাই আশা করি এখানে ভালো উইকেট পাব।’
দলের উন্নতি নিয়ে খুশি ডমিঙ্গো বলেন, ‘আমরা পরিপূর্ণ দল নই এখনো। তবে এই কম অভিজ্ঞ ক্রিকেটাররা বড় পারফর্ম করে বসতে পারে। (এই দলের) বেশিরভাগই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেনি। বেসিক ঠিক রাখলে তাদের চাপে ফেলে হারাতে পারব।’ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল নয়- এমনটা মানতে নারাজ ডমিঙ্গো, ‘উইন্ডিজের খেলোয়াড়দের মতো শরীর নেই। কিন্তু দল নিয়ে আমি অনেক ইতিবাচক। সবসময় নেতিবাচক মন্তব্য খুব হতাশাজনক। আমাদের ভালো টি-টোয়েন্টি খেলোয়াড় আছে। তারা খুব বেশি ম্যাচ খেলেনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ হতাশার ছিল, তবে জিম্বাবুয়েতে ভালো করে এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে এসেছি।’ অস্ট্রেলিয়ার বায়ো-বাবলের সিদ্ধান্তে মুশফিকুর রহিমের এই সিরিজে মুশফিকের না থাকতে পারাটা মেনে নিতে পারছেন না ডমিঙ্গো। তবে মুশফিক-লিটনদের অনুপস্থিতি তরুণদের জাত চেনানোর দারুণ এক সুযোগ বলে মনে করেন তিনি।
ইনজুরিতে পড়া তামিম ইকবালের জায়গায় ওপেনিংটা কে নেবেন- এমন এক প্রশ্নের জবাবে ডমিঙ্গো সাকিব আল হাসানের কথা বলেন, ‘এটা নিয়ে দীর্ঘ সময় ভেবেছি। সাকিব ওপেনিং স্পটের ভাবনায় আছে। মিঠুন দলে ফিরেছে। জানি সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, কিন্তু এই ফরম্যাটে সে ওপেনারের কাজও করতে পারবে। কোনো ওপেনার ইনজুরিতে পড়লে সে দায়িত্ব পালন করতে পারবে।’ মাউথ স্ট্রেইন সমস্যা কাটিয়ে সৌম্য সরকার ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী ডমিঙ্গো।
উইন্ডিজের বিপক্ষে দারুণ বল করা মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের নিয়ে দল ভীত নয় বলে জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘আমরা তাদের বোলিংয়ের ফুটেজ দেখেছি। দিনশেষে তারা মানুষ, তারাও খারাপ বল করে, মানসিকতা পরিষ্কার রেখে তাদের খারাপ বলগুলো আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে।’
