অলিম্পিকের জলমানব-মানবী ড্রেসেল-ম্যাককিওন

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:৪০ এএম

টোকিও অলিম্পিকের জলমানব হয়েছেন যুক্তরাষ্ট্রের সেলেভ ড্রেসেল। জলমানবী অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন। সবচেয়ে দ্রুতগতির সাঁতার ইভেন্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তারা। এই দুজনের সাফল্যে ভাস্বর হয়ে রইল এবারের অলিম্পিক। মার্ক স্পিৎজ, ম্যাট বিয়ন্ডি, মাইকেল ফেলপ্সের পর এক গেমসে চতুর্থ পুরুষ সাঁতারু হিসেবে ৫ স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন ড্রেসেল।

অন্যদিকে, প্রথম নারী সাঁতারু হিসেবে এক আসরে জিতেছেন ম্যাককিওন রেকর্ড ৭টি পদক; বসেছেন কিংবদন্তি ফেলপস-স্পিৎজদের পাশে। এদিকে, সাঁতার ইভেন্টের শেষটা রেকর্ড গড়ে রাঙিয়েছে যুক্তরাষ্ট্র। পুরুষদের ১০০ মিটার মিডলে রিলের সোনা তারা জিতেছে নিজেদেরই বিশ্বরেকর্ড ভেঙে। ১১টি স্বর্ণসহ ৩০ পদক জিতেছে এবারের সাঁতার থেকে। ৯টি স্বর্ণসহ ২০টি পদক জিতে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়া।

ড্রেসেলের ৫ম স্বর্ণ

১০০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণজয়ী ড্রেসেল ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে সেরা টাইমিং গড়েছিলেন। ফাইনালে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণ। টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে গতকাল ২১.০৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। ভাঙেন ২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রাজিলের সেজার সিলোর গড়া ২১.৩০ সেকেন্ডের রেকর্ড। ৬ স্বর্ণের লক্ষ্য নিয়ে টোকিওতে আসা ২৪ বছর বয়সী ড্রেসেল তিনটি অলিম্পিক ও একটি বিশ্ব রেকর্ড গড়লেন এবারের গেমসে। কেবল ১০০ মিটার মিক্সড রিলেতে পাননি কোনো পদক।

ম্যাককিওনের ৭ম পদক

৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩.৮১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জিতেছেন কাল ম্যাককিওন। এই ইভেন্টের বিশ্বরেকর্ডধারী সুইডেনের সারাহ হোস্ট্রম ২৪.০৭ সেকেন্ড টাইমিং করে পেয়েছেন রুপা। ব্রোঞ্জ পেয়েছেন ডেনমার্কের পারনিল ব্লুম (২৪ দশমিক ২১ সেকেন্ড)। পরে নারীদের ১০০ মিটার মিডলে রিলে দলের সদস্য হয়ে ম্যাককিওন জিতেছেন তার ৭ম পদক। ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। ২০১২ লন্ডন অলিম্পিকে ৩ মিনিট ৫২.০৫ সেকেন্ডের আগের অলিম্পিক রেকর্ডটি গড়েছিল যুক্তরাষ্ট্র। তারা এবার পেয়েছে রুপা (৩ মিনিট ৫১.৭৩ সেকেন্ড)। ব্রোঞ্জ পেয়েছে কানাডা (৩ মিনিট ৫২ দশমিক ৬০ সেকেন্ড)। ম্যাককিওন এবার দুটি করে ব্যক্তিগত (একটি ১০০ মিটার ফ্রিস্টাইল) ও দলীয় স্বর্ণ জিতেছেন। ব্রোঞ্জ পেয়েছেন তিনটি, একটি ব্যক্তিগত ও দুটি দলীয়।

শতভাগ সাফল্য ফিঙ্কের

টোকিও এসেছিলেন সাঁতারের দুটি ইভেন্টে অংশ নিতে। শতভাগ সাফল্য দিয়ে শেষ করেছেন রবার্ট ফিঙ্ক। ৮০০র পর ১৫০০ মিটার ফ্রিস্টাইলেও সোনার পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। দারুণ খুশি ফ্রিঙ্ক জানালেন, তেমন কোনো প্রত্যাশা ছিল না তার, ‘আসলে কোনো পদক বা কোনো কিছু, কিংবা দুটি সোনা জিতব এমন কোনো প্রত্যাশা নিয়ে আমি এখানে আসিনিৃ এসেছিলাম নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত