অনেকেই তৃতীয় লিঙ্গের মানুষদের বাঁকা চোখে দেখে। এমনকি পরিবার ও স্বজনদের কাছ থেকেও পদে পদে তারা অবহেলার শিকার হন। একটা সময় এসব অপমান সইতে না পেরে ওই মানুষটি অনেকটা ইচ্ছার বিরুদ্ধে ঘরছাড়া হন। দুমুঠো ডাল-ভাতের তাগিদে তৃতীয় লিঙ্গের মানুষ ভিন্ন পথ অবলম্বন করেন। তেমনি এক গল্পে নির্মিত হয়েছে ‘মোমের পুতুল’ নাটকটি। মূল চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। রোমান্টিক কমেডি নাটকের ভিড়ে সদ্য প্রকাশিত নাটকটিতে তার অভিনয় এতই জীবন্ত ছিল যে, শেষটা দেখে চোখে পানি এসেছে দর্শকদের। সে কথা জানা যায় ইউটিউবে নাটকটির কমেন্ট সেকশনে। নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম প্রমুখ। শামীম বলেন, ‘ভিউয়ের জন্য নয়, কাজটি করেছি সামাজিক দায়িত্ববোধ থেকে। এ নাটকে কোনো নায়িকা নেই। তাই এক দিনেই মিলিয়ন ভিউস হবে না। কিন্তু অল্প সময়ে এত মানুষের ইতিবাচক মন্তব্য পেয়ে আমি তৃপ্ত। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। আমার আন্টিরা ফোন করে প্রশংসা করছেন। যেটা অন্য কাজের ক্ষেত্রে পাই না, এটা দারুণ অনুভূতি।’
×
