করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের জন্য দেওয়া প্রণোদনা ঋণ কারা পেয়েছেন তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণের ব্যবহার কোথায় হয়েছে তারও তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য পাওয়ার পর গভীরভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তারা।
করোনাভাইরাসের কারণে ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে ছোট ও বড় ব্যবসায়ীরা স্বল্প সুদে প্রায় ৪৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঋণ নিয়েছেন। বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া এ ঋণের মোট সুদের অর্ধেকেরও বেশি ভর্তুকি হিসেবে দিয়েছে সরকার।
করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সহায়তা করতে গত বছর সাড়ে ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকা প্রণোদনার ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। আর ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের দেওয়া হয় ৪ শতাংশ সুদে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব ঋণের সুদহার ছিল ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হবে। ঋণের টাকা কারা পেল ও কী উদ্দেশ্যে ব্যবহার করেছে, তা গভীরভাবে খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক।
