সরকারের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যাচার ছেড়ে দিয়ে করোনায় অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনমানুষের পাশে রয়েছে, অন্যদিকে বিএনপি গৃহকোণে অবস্থান করছে। বিএনপিই নাকি জনগণের সঙ্গে রয়েছে বিএনপি মহাসচিবের এসব আজগুবি এবং কাল্পনিক বক্তব্যে তাদের অক্ষমতা আর ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস।’
গতকাল সোমবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
করোনাকালে বিএনপিই জনগণের সঙ্গে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি করোনা সংকটে জনগণের পাশে আছে, এ কথা পাগলেও বিশ্বাস করে না। বিএনপি গৃহকোণে আইসোলেশনে থেকে গোয়েবলসীয় কায়দায় বাক্যচর্চা করছে। সংকট দেখলে বিএনপি নেতাদের শামুকের মতো খোলসের আড়ালে গুটিয়ে থাকা আর পলায়নপরতা জনগণের কাছে এখন স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের দিন ঘরে বসে থাকে আর আন্দোলনের ডাক দিয়ে দরজা-জানালা বন্ধ করে পুলিশের গতিবিধি দেখে, তারা নাকি করোনাকালে জনমানুষের সঙ্গে রয়েছে। এ কথা এখন কেউই বিশ্বাস করে না।’
‘সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করছে’, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার নমুনা পরীক্ষার রেজিস্ট্রেশন, ফলাফলসহ প্রতিটি বিষয় প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এখানে তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। এসব তথ্য লুকিয়ে সরকারের কী লাভ?’
করোনাকালে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও কোথাও খুঁজে পাওয়া যায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা করোনা সংকটকে দেখছে চোখ বন্ধ করে অন্ধের হাতি দেখার মতো করে।’
গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্য সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব একদিকে শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলেন, অপরদিকে গার্মেন্টস খুলে দিলেও আবার বিরোধিতা করেন।’
তিনি বলেন, ‘ইতিমধ্যেই বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ থেকে ভিয়েতনাম এগিয়ে গেছে। করোনাকালে উৎপাদন ব্যাহত হওয়ায় পোশাক রপ্তানি কমেছে। এই প্রেক্ষাপটে রপ্তানি আদেশসমূহ কোনোভাবে বাতিল হোক, সরকার তা চায় না। জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করে অর্থনীতির চাকা সচল রাখতে সরকার সচেষ্ট।’
