অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর চেয়ে পুরনো সংস্করণের অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস থেকে ব্যবহারকারীদের নিজস্ব কোনো সেবায় সাইন-ইন করতে দেবে না গুগল। সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে গুগল জানিয়েছে, ‘ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর চেয়ে পুরনো কোনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে সেপ্টেম্বর ২৭, ২০২১ থেকে সাইন-ইন করতে দেবে না গুগল। আপনি যদি সেপ্টেম্বর ২৭-এর পরে আপনার ডিভাইসে সাইন-ইন করেন, তাহলে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগল পণ্য ও সেবা ব্যবহারের সময় ইউজার নেম ও পাসওয়ার্ড ‘এরর’ চোখে পড়তে পারে আপনার।’
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের এক প্রতিবেদন বলছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ বাজারে এসেছিল প্রায় ১০ বছর আগে। বর্তমানে গোটা বিশ্বে সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা তিনশ’ কোটিরও বেশি। পুরনো প্রযুক্তি আঁকড়ে রেখেছেন এমন অল্প কিছু ব্যবহারকারী ছাড়া অন্যদের ওপর এটি তেমন প্রভাব ফেলবে না বলেও উল্লেখ করেছে সাইটটি।
গুগল বলছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পুরনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের ব্রাউজার থেকে লগ-ইন করে কিছু গুগল সেবা ব্যবহার করা যাবে। আর অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্ব চালিত ডিভাইসগুলো থেকে সব গুগল অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে, তবে অপারেটিং সিস্টেম আপডেট করার সুযোগ থাকলে সেটি করার পরামর্শই দিয়েছে গুগল।
অন্যদিকে, ই-বুক রিডার ‘কিন্ডল’-এর পুরনো কয়েকটি সংস্করণে আর ইন্টারনেট সংযোগ চালু থাকবে না বলে জানিয়েছে অ্যামাজন। ফলে নতুন বই ডাউনলোড করতে পারবেন না ব্যবহারকারীরা।
