১২২ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ছোট্ট লক্ষ্যটাও একপর্যায়ে বেশ কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায় স্বাগতিকেরা। তবে আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ বল হাতে থাকতেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-০ তে এগিয়ে স্বাগতিকেরা।
বুধবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ৩১ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলা আফিফ। ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যিনি বললেন, চাপের মুখে বেশ আত্মবিশ্বাসীই ছিলেন তিনি।
দশম ওভারে মাহমুদউল্লাহ আউট হওয়ার পর উইকেটে আসেন আফিফ। সেই সময়টা নিয়ে বলছিলেন, ‘নামার সময় রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) কাছ থেকে একটা বার্তা ছিল যে, উইকেটে গিয়ে যেন দুই তিন ওভার নরমাল খেলি। কিন্তু আমার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত টিকে থাকা, ম্যাচটা শেষ করে আসা।’
সেটাই করেছেন আফিফ। নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে দলকে এনে দিয়েছেন দারুণ জয়। সোহান ২১ বলে ৩ চারে অপরাজিত ২২ রান করেন।
আফিফ বলেন, ‘ব্যাটিংয়ে নেমে আমি উইকেট অ্যাসেস করার চেষ্টা করেছি। উইকেট কেমন করছে সেটা বুঝে খেলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল রিকোয়ার রেট যাই থাকুক না কেন, উইকেটে শেষ পর্যন্ত টিকতে পারলে আমি ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব।’
সোহানকে কৃতিত্ব দিয়ে বলেন, ‘সোহান ভাই দারুণ ব্যাটিং করেছে। তার সঙ্গে ব্যাটিংয়ের সময় পরিকল্পনা ছিল, উইকেট না দিয়ে কিভাবে রান করা যায় সেই চেষ্টা করছিলাম। তার সাইড থেকে ভালো সমর্থন পাওয়ায় আমার ওপর তেমন চাপ পড়েনি।’
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। দারুণ বোলিং করেন টাইগার বোলাররা। আফিফ সেই বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না।
‘হোম কন্ডিশনে অবশ্যই বোলিংয়ের একটা সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই হোম কন্ডিশনের সুবিধাটা ভালোভাবে কাজে লাগাচ্ছে। এ ছাড়া আমাদের ফিল্ডিং-ব্যাটিংও খুব ভালো হচ্ছে বলে পুরো টিম অ্যাফোর্ট হচ্ছে।’- বলেন আফিফ।
শুক্রবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এই ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
আফিফ বলেন, ‘অবশ্যই আমাদের প্রতি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। এখন সামনের ম্যাচ নিয়েও চিন্তা রাখছি। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশা আল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচও জেতার।’
