ইংল্যান্ড সিরিজ স্থগিতের দুদিনের মাথায় এলো বাংলাদেশে নিউজিল্যান্ড সফরের নিশ্চয়তা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আগেই ঠিক ছিল। কিন্তু আগস্টের শেষে না সেপ্টেম্বরের শুরুতে হবে বাকি ছিল সে সিদ্ধান্ত। গতকাল সেই অনিশ্চয়তাও দূর হলো। সেপ্টেম্বরের শুরুতেই কিউইদের বিপক্ষে হচ্ছে হোম সিরিজ। এ সিরিজও ৫ ম্যাচের, সবকটি খেলাই হবে মিরপুরে। তবে অস্ট্রেলিয়া সিরিজের মতো ৭ দিনে ৫ ম্যাচ খেলতে হচ্ছে না দুই দলকে, ১০ দিনে হবে ৫ ম্যাচ। প্রতি ম্যাচের পরদিন বিরতিও থাকছে।
২০১৩ সালের পর এই প্রথম সিরিজ খেলতে ২৪ আগস্ট পা রাখবে কিউইরা। যথারীতি তিনদিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা। এরপর ব্যাট বলের প্রস্তুতি শুরু। ২৯ আগস্ট বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্ট। একদিন করে বিরতি দিয়ে ৩ ও ৫ তারিখ পরের দুই ম্যাচ। ৬ ও ৭ সেপ্টেম্বর বিরতির পর ৮ তারিখ চতুর্থ ম্যাচ। পরে আরেকদিন বিরতি শেষে ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলবে দুই দল।
নিউজিল্যান্ড সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশের সঙ্গেই ঘরের মাঠে। ৩ ম্যাচের সিরিজে টিম সাউদির নেতৃত্বে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল তারা। এরপর আবার টাইগারদের বিপক্ষেই ছোট ফরম্যাটে মাঠে নামছে তারা। ঘরের মাঠের ওই সিরিজে খেলেননি কেন উইলিয়ামসন। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার নেতৃত্বেই শক্তশালী কিউই দলেরই সফরে আসার কথা। বাংলাদেশের এ সিরিজটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে নিউজিল্যান্ড। তাই এ বছর শুরুতে বাংলাদেশে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল তারা। বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলে আরব আমিরাতে আইপিএল খেলতে যাবে কিউইরা।
