স্থানীয় ও জাতীয় পর্যায়ে কৃষিপণ্যের বেচাকেনায় ভোক্তা, কৃষক, উদ্যোক্তা, কৃষি ব্যবসায়ীদের জন্য অ্যাপ চালু করেছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তরের এ অ্যাপের নাম ‘সদাই’। গতকাল কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ অ্যাপ উদ্বোধন করেন।
‘সদাই’ দুটি অ্যাপ। একটি ভোক্তাসাধারণের ব্যবহারের জন্য ‘সদাই’ ও অন্যটি উদ্যোক্তাদের জন্য ‘সদাই উদ্যোক্তা’। দুটি অ্যাপই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপগুলোর মাধ্যমে পাঁচ ক্যাটাগরির কৃষি উদ্যোক্তারা নিজের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। অ্যাপ উদ্বোধনকালে কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্যের বিপণন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষিপণ্য কেনাবেচায় ‘সদাই’ অ্যাপ যুগান্তকারী পদক্ষেপ। দেশে সব
কৃষিপণ্যের উৎপাদন বেড়েছে। এসব বিপণনই বড় চ্যালেঞ্জ। কৃষকরা অনেক সময় উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারেন না, সঠিক মূল্য পান না। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তার সঠিক মূল্যে, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য কেনার নিশ্চয়তাও দিতে হবে। এ লক্ষ্যে ‘সদাই’ অ্যাপটি কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। সদাই অ্যাপের বিস্তারিত জানান কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক বায়েজীদ বোস্তামী। কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করবে কৃষি বিপণন অধিদপ্তর। তাই উদ্যোক্তারা ইচ্ছামতো মূল্য নিতে পারবেন না। সব অনলাইন উদ্যোক্তার ব্যবসায়িক কার্যক্রম তদারকি করবে সংস্থাটি।
