করোনা মোকাবিলায় ব্র্যাকের সঙ্গে ৯ বেসরকারি ব্যাংক

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:৩৩ এএম

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে জরুরি সহায়তা দিতে ব্র্যাকের উদ্যোগে পাশে দাঁড়িয়েছে ৯ বেসরকারি ব্যাংক। তারা এ বাবদ মোট ১৫ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৭২৮ টাকা অনুদান দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় ব্র্যাকের ‘ডাকছে আবার দেশ’ এবং ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ কার্যক্রমে সাড়া দিয়ে ব্র্যাকের সঙ্গে যোগ দিয়েছে ব্র্যাক, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, স্ট্যান্ডার্ড, ঢাকা, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল, ইউনাইটেড কমার্শিয়াল ও ডাচ বাংলা। 

এই ৯ ব্যাংকের প্রতিশ্রুত টাকা থেকে ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগে ব্যয় হবে ১৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ৫০০ টাকা, যা দিয়ে ৭২ হাজার ১৬০ পরিবারকে নগদ সহায়তা দেওয়া হবে। বাকি অর্থ দিয়ে ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ প্রকল্পের অধীনে ১৮ লাখ মানুষকে মাস্ক এবং অন্যান্য করোনা প্রতিরোধসামগ্রী বিনামূল্যে বিতরণের পাশাপাশি এই রোগের লক্ষণযুক্ত ১০ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। ব্যাংকগুলোর এই অনুদান করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ ২০ জেলা, বিশেষত রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলোয় ব্যয় করা হবে। ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন। 

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, এই ৯ ব্যাংকের সময়োপযোগী সহযোগিতাকে স্বাগত জানাই। আমি আশা করি, এই সহায়তা বেসরকারি খাতের অন্যান্য প্রতিষ্ঠানকে এই কঠিন সময়ে একসঙ্গে কাজ করার বিষয়ে অনুপ্রাণিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার প্রয়াসকে আরও বেগবান করবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত