আগামী ১২ থেকে ২১ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হচ্ছে ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব’। ১২তম এ আসরে থাকছে ২৬ ভাষার ১০০টি ছবি। অংশ নিচ্ছে ৭টি বাংলা চলচ্চিত্রও। যার মধ্যে আছে বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ছবি ‘নোনাজলের কাব্য’ ও বাংলাদেশ-ভারতের ছবি ‘মায়ার জঞ্জাল’। আয়োজকরা জানান, সরাসরি ও অনলাইন দু’ভাবে উৎসব হবে। অনলাইনে প্রদর্শনী হবে ১৫-৩০ আগস্ট পর্যন্ত। ‘নোনাজলের কাব্য’ রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম সিনেমা। চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখা ও সরেজমিন গবেষণা চলে চার বছর ধরে। চিত্রনাট্যের জন্য এ ছবি পেয়েছিল ‘স্পাইক লি রাইটিং গ্রান্ট’। ২০১৮ সালে অর্ধশতাধিক শিল্পী ও কলাকুশলী মিলে পটুয়াখালী ও চট্টগ্রামে শ্যুটিং হয়। অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তিতাস জিয়া ও ফজলুর রহমান বাবু। আরও আছেন তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। আর ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দায় ফেরেন অপি করিম। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন টলিউডের ঋত্বিক চক্রবর্তী। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এছাড়া উৎসবে থাকছে পরমব্রত পরিচালিত কিংবদন্তি বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। ছবির বেশ কিছু অংশে দেখা যাবে সৌমিত্রকেও।
×
