ক্যাসিনো’র পর আবারও বুবলীকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সৈকত নাসির। নতুন ছবির নাম ‘তালাশ’।
বুবলী বলেন, ‘বেশ ক'দিন ছবিটি নিয়ে মিটিং করার পর অবশেষ গত পরশু চুক্তিবদ্ধ হই। সৈকত নাসির ভাই একজন পরীক্ষিত নির্মাতা। আশা করি তালাশ দারুণ একটি ছবি হবে।’
রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আই ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতার একে আজাদ আদর ও র্যাম্প মডেল আসিফ আহসান খান।
বুবলী বলেন, ‘আমি আগেও বলেছি নতুনদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই আমার। পরিচালক নিশ্চিত করেছেন আদর ও আসিফ দারুণ অভিনেতা। গল্পের প্রয়োজনেই তাদের নেয়া। গল্প শোনার পর আমারও তাই মনে হয়েছে।’
বুবলী জানান, সবকিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশের। সৈকত নাসির বলেন, ‘তালাশ আমার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। বুবলীকে ধন্যবাদ তিনি নতুন দুজন নায়কের বিপরীতে কাজ করছেন। বরাবরই বলি আমি যখন যাদের নিয়ে কাজ করি তারাই আমার চোখে তখন সেরা অভিনেতা। আদর ও আসিফ আমার চোখে এখন স্টার। ওদের নিয়ে চ্যালেঞ্জে নামছি। আমার বিশ্বাস দারুণ কিছু উপহার দিতে পারবো।’
সৈকত নাসির বলেন, ‘আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সাথে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে, র্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’
সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। গল্প পরিচালক সৈকত নাসির ও আসাদ জামান উভয়ের।
