ব্যাংকে সিএফও নিয়োগে অভিজ্ঞতা ২ বছর কমল

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:২৪ পিএম

এখন থেকে ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা বা চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হতে হলে কোনো প্রার্থীকে ব্যাংক বা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ অভিজ্ঞতার মধ্যে অবশ্যই ব্যাংকের হিসাবায়ন বা কর-সম্পর্কিত কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা ২০১৮ সালে জারি করা প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের নীতিমালার সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনার কথা জানানো হয়।

এর আগে ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ পেতে একজন প্রার্থীকে ব্যাংক বা এনবিএফআইয়ে ১২ বছরের চারকির অভিজ্ঞতা থাকতে হতো। এর মধ্যে অবশ্যই ব্যাংকের হিসাবায়ন বা কর-সম্পর্কিত কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনায় সিএফও নিয়োগে ব্যাংকে চাকরির অভিজ্ঞতা ২ বছর কমানো হলেও হিসাবায়ন বা কর-সম্পর্কিত কাজের অভিজ্ঞতা আগের মতো ৩ বছর রাখা হয়েছে।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং এ-সংক্রান্ত ২০১৮ সালের বিআরপিডি সার্কুলার লেটার নং ৩-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত