বিশ্ব শিরোপার সঙ্গে অলিম্পিক সোনাও যুক্ত করল বেলজিয়াম। রোমাঞ্চকর ফাইনালে অস্ট্রেলিয়াকে শুট আউটে ৩-২ গোলে হারিয়ে পুরুষ হকির শিরোপা জিতে নিয়েছে তারা।
নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্ত ফর অবেলের গোলে বেলজিয়াম প্রথমে এগিয়ে গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া অল্প কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে টম উইকহামের গোলে। শুট আউটে অস্ট্রেলিয়ার তিনটি প্রচেষ্টা রুখে দিয়ে নায়ক বনে যান বেলজিয়ামের গোলকিপার ভিনসেন্ট বানাচ। সেমিফাইনালে যাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছিল বেলজিয়াম, সেই ভারত শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। ৪১ বছর পর কোনো পদক জিতল হকিতে ৮ বারের সাবেক চ্যাম্পিয়নরা।
