বাংলাদেশের ইতিহাসে শহীদ শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ¦লিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় পঁচাত্তরের ১৫ আগস্ট। শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবে।
গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা জাতির কপালে কলঙ্ক তিলক হিসেবে ছিল, সেই কলঙ্কের কালিমা বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পূর্ণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোর পথে যাত্রা শুরু করেছেন, সেই আলোর পথের অভিযাত্রী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব, আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।’
শ্রদ্ধা নিবেদনের সময় উপিস্থত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবাহনী ক্লাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
