বার্সেলোনায় থাকা হচ্ছে না মেসির

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০২:১৬ এএম

হঠাৎই যেন পরিস্থিতি পুরো ১৮০ ডিগ্রি বদলে গেল! বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করতে বেতন অর্ধেক কমিয়ে নিচ্ছেন লিওনেল মেসিএমন খবর কদিন আগেই নিশ্চিত করে জানিয়েছিল ইউরোপের প্রায় সংবাদমাধ্যম। কিন্তু বার্সেলোনার আর্থিক অবস্থার জটিলতার কারণে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হচ্ছিল না। এ জন্য ক্লাব সমর্থকদের মনে দুর্ভাবনা ছিলই। কারণ কিছু জটিলতা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। বার্সায় থাকা হচ্ছে না আর মেসির। গত রাতে ক্লাবের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

‘বার্সা এবং লিও মেসির মধ্যে সম্মতি এবং দুই পক্ষের মধ্যে আজ (গতকাল) চুক্তি স্বাক্ষর করার পরিষ্কার ইচ্ছা থাকা সত্ত্বেও (স্প্যানিশ লা লিগার নিয়মে আরোপ করা) আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দু’পক্ষের সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে মেসি এফসি বার্সেলোনায় থাকবেন না। দু’পক্ষই গভীরভাবে দুঃখিত যে, খেলোয়াড় এবং ক্লাবের ইচ্ছা শেষপর্যন্ত পূরণ হবে না। বার্সেলোনা ক্লাবের উন্নতিতে অবদানের জন্য খেলোয়াড়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভবিষ্যতের জন্য তাকে শুভ কামনা করে।’

আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পর ছুটি কাটিয়ে দুদিন আগে বার্সেলোনা শহরে ফিরেছেন মেসি। গতকালই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে, আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারেএমনটাই শোনা গিয়েছিল। দুপুরে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বার্সার কর্তাব্যক্তিদের বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা ছিল চুক্তির খুঁটিনাটি। চুক্তির পথে জটিলতার অবসানও সে সময়ই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জটিলতার নয়, অবসান হলো মেসি আর বার্সার ২০ বছরের সম্পর্কের।

বুধবারই সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের সঙ্গে প্রায় ২৭শ’ বিলিয়ন ইউরোর চুক্তি করে লা লিগা, যার ৯০ শতাংশ পেত ক্লাবগুলো। ধারণা করা হচ্ছিল বাড়তি এই তহবিল বার্সেলোনার উচ্চ বেতনের সমস্যা মেটাতে সাহায্য করত। মৌসুমের মধ্যে সার্জিও আগুয়েরো, মেম্ফিস ডিপে, এরিক গার্সিয়ার মতো নামিদামি কিছু খেলোয়াড়কে স্কোয়াডে ভিড়িয়েছে বার্সা। যদিও তারা ফ্রি এজেন্ট, কিন্তু তাদের বেতন অনেক। কিন্তু শেষ পর্যন্ত লা লিগার স্প্যানিশ লা লিগার আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার বেড়াজালে মেসির সঙ্গে চুক্তি আর করা হলো না।

এর মধ্য দিয়ে ১৭ বছরের সম্পর্কের ইতি ঘটল আর্জেন্টাইন কিংবদন্তির। ২০০৪-৫ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করা মেসি এই ক’বছরে ১০ লা লিগা শিরোপা, একাধিক চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা এনে দিয়েছেন বার্সেলোনাকে। ব্যক্তিগতভাবে সর্বাধিক ৬ বার বর্ষসেরা খেতাব ব্যালন ডি’অর জিতেছেন মেসি ক্লাবের হয়ে এই ক’বছরে অবদান রাখার জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। 

প্রশ্ন হচ্ছে বার্সেলোনার সঙ্গে থাকতে পারা মেসি এখন কোন ক্লাবে যাবেন। ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই গত বছর থেকে তাকে দলে নিতে আগ্রহী। সিটিতে যোগ দিলে কোচ পেপ গার্দিওলার সঙ্গে আবার খেলার সুযোগ হবে তার। অন্যদিকে পিএসজিতে গেলে সাবেক বার্সা সতীর্থ নেইমার, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তুলতে পারেন মেসি। কী করেন মেসি তা দেখার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত