ডব্লিউএইচওর আহ্বান

আগে গরিবদের বাঁচান, বুস্টার ডোজ পরে

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০২:১৮ এএম

করোনার টিকার বুস্টার ডোজ আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যন্ত স্থগিত রেখে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বুধবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস এ আহ্বান জানান। খবর বিবিসির। তেদ্রোস বলেন, ‘বুস্টার ডোজ স্থগিত রাখলে এ সময়ের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।’

ইসরায়েল, ফ্রান্স, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ নাগরিকদের মধ্যে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে তেদ্রোস সতর্ক করে বলেছেন, ‘এতে গরিব দেশগুলো টিকাদানের বাইরে থেকে যাবে।’

ডব্লিউএইচও বলছে, উন্নত দেশগুলোতে টিকাদানের হার অনেক বেশি হলেও নিম্ন আয়ের দেশগুলোতে এখন পর্যন্ত প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দেড়জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। টিকা সরবরাহে ঘাটতি থাকায় দেশগুলো টিকা দিতে পারছে না।

তেদ্রোস বলেন, ‘এখন টিকা সরবরাহের পরিস্থিতি বিপরীতমুখী হওয়া উচিত। টিকার বেশিরভাগ নিম্ন আয়ের দেশগুলোতে সরবরাহ করা উচিত। করোনার ডেল্টা ধরন থেকে নিজ দেশের জনগণকে বাঁচাতে সব সরকারের উদ্বেগের বিষয়টি আমি বুঝি। কিন্তু আমরা ওইসব দেশকে মেনে নিতে পারি না যারা ইতিমধ্যে টিকার বৈশ্বিক সরবরাহের অধিকাংশই ব্যবহার করেছে।’

ডব্লিউএইচও আগামী মাসের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে টিকাদানের বর্তমান যে অবস্থা তাতে ওই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কাই বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, হাইতি ও ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর নাগরিকদের কেউই এখনো দ্বিতীয় ডোজ টিকা পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত