গড়পড়তা কাজে নেই ইরেশ

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২:৪৫ এএম

টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। মঞ্চেও অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার। একটা সময়ে টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন। তবে গত কিছু বছর তাকে আগের মতো অভিনয়ে দেখা যায় না। কিন্তু যে কাজগুলো করেন, সেগুলোর মান নিয়ে কারও প্রশ্ন তোলার অবকাশ থাকে না। ‘ছুঁয়ে দিলে মন’, ‘২২ শে এপ্রিল’, ‘দেবী’, ‘স্বপ্নজাল’, ‘একাত্তর’ যারা দেখেছেন, তারা এককথায় স্বীকার করবেন, প্রতিটি চরিত্রে অনবদ্য এই অভিনেতা। কম কাজ করা নিয়ে বরাবরই বলে আসছিলেন, ‘এখন আর গড়পড়তা গল্পে কাজ করতে মন সায় দেয় না। সেই কাজে সময় ও মেধা খাটাতে চাই, যেটা শিল্পী হিসেবে আমাকে আত্মতৃপ্তি দেবে। মানুষ কাজগুলোর কথা মনে রাখবে।’

তবে কম কাজ করা নিয়ে তার ভক্তদের আক্ষেপ ছিল। সেই আক্ষেপ অনেকটাই তিনি পূরণ করেছেন গেল ঈদে। তার বেশ কিছু খন্ড নাটক, শর্টফিল্ম ও ওয়েব কনটেন্ট প্রচার হয়েছে। এর মধ্যে রয়েছে খায়রুল পাপনের পরিচালনায় চ্যানেল আইয়ের নাটক ‘কন্ট্রাক্ট ভাই’। এতে তার নায়িকা সাফা কবির। সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় আরটিভিতে প্রচার হয়েছে খন্ড নাটক ‘আবার মহব্বত বেপারী’। এতে তার সহশিল্পী চিত্রনায়িকা নিপুণ, তাসনুভা তিশা ও রাশেদ মামুন অপু। মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে সেতু আরিফ পরিচালিত নাটক ‘হাসনাত ও বস’। আরও অভিনয় করেছেন রওনক হাসান ও নিশাত প্রিয়ম। এ ছাড়া ইরেশ অভিনয় করেছেন তার স্ত্রী মিমের বড় বোন জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ‘মিড নাইট সান’ নাটকে। এনটিভির এ নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফ এ আহনাফ। মিথিলার সঙ্গে তাকে আরও দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘ঊনলৌকিক’-এর ‘হ্যালো লেডিস’ পর্বে। এটি অতিলৌকিক কিছু গল্প নিয়ে নির্মিত সিরিজ। ‘হ্যালো লেডিস’ একটি রিয়েলিটি শোকে কেন্দ্র করে নির্মিত। মিথিলা অভিনয় করছেন সেই শো উপস্থাপকের চরিত্রে। ইরেশ বলেন, ‘গল্পটি একেবারেই অন্য রকম। নির্মাতা রবিউল আলম রবি অল্প বয়সী একটা ছেলে, কিন্তু দারুণ গুছিয়ে কাজ করে। কাজ করে ভালো লেগেছে।’

ইরেশের সঙ্গে কাজ করা নিয়ে মিথিলা দেশ রূপান্তরকে বলেছিলেন, ‘এর আগে আমরা একসঙ্গে যে কাজগুলো করেছি, সেখানে চরিত্রগুলো এমন থাকত যে ঝগড়াই বেশি হতো। আমরা ঝগড়ার অভিনয় ভালোই করতে পারি। কিন্তু এবার মিড নাইট সান করতে গিয়ে বেশ বিপাকেই পড়েছিলাম প্রথম দিকে। রোমান্টিক চরিত্রে অভিনয় করতে জড়তা কাজ করছিল। কারণ ইরেশ তো বাস্তবে আমার ছোট বোনের স্বামী। তার সঙ্গে রোমান্টিক সম্পর্কটা বিশ্বাস করতে পারছিলাম না। তবে দুজনই যেহেতু পেশাদার অভিনেতা, তাই আস্তে আস্তে গল্পটি নিজেদের মধ্যে ধারণ করে কাজ করেছি।’

একই প্রসঙ্গ নিয়ে জানতে চাইলে ইরেশ যাকের বলেন, ‘অভিনয় তো অভিনয়ই। তারপরও স্ত্রীর বড় বোনের সঙ্গে রোমান্টিক অভিনয় করা তো একটু ডিফরেন্ট বটেই। শুরুতে নিজের কাছে নিজেকে স্বচ্ছ করে নিতে হয়।’

ঈদের নাটকের মধ্যে সবচেয়ে ভালো সাড়া পেয়েছেন কোনটিতে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে মহব্বত বেপারী তো আগে থেকেই জনপ্রিয়। গত ঈদে এসেছে সেই চরিত্র নিয়ে সিক্যুয়েল নাটক “আবার মহব্বত বেপারী”। এই নাটকের জন্য ভালো সাড়া পেয়েছি। এ ছাড়া “মিড নাইট সান”-এও বেশ ভালো সাড়া এসেছে। ‘হ্যালো লেডিস’ অল্প দিন হলো মুক্তি পেয়েছে। দিন গেলে এটাও মানুষের কাছে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। কাছের যে মানুষদের মন্তব্য আমার অভিনয়ে প্রভাব ফেলবে, তাদেরই গুরুত্ব দিই। তেমন অনেকেই কাজগুলোর প্রশংসা করেছেন।’

নতুন কাজ নিয়ে কী ভাবছেন? এমন প্রশ্নে ইরেশের উত্তর, ‘বেশ কিছু কাজের পরিকল্পনা রয়েছে। কিন্তু লকডাউনের জন্য সেগুলো পিছিয়ে গেছে। এর মধ্যে একটি সিনেমার কাজ রয়েছে। গিয়াসউদ্দিন সেলিমের এই ছবির নাম গুণী। এ ছাড়া আরেকটি ওয়েব সিরিজের কাজ করব। এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি। তাই এখনই বলতে পারব না।’

ইরেশ কিছুদিন আগে শেষ করেছেন আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’ সিনেমার শ্যুটিং ও ডাবিং। এতে তার সহশিল্পী জনপ্রিয় তারকা জয়া আহসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত