কর্মকর্তা-কর্মচারী ও রক্ষীদের টিকা নিতে ৬৮ কারাগারে চিঠি

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০১:৪১ এএম

কারা কর্মকর্তা-কর্মচারী ও কারারক্ষীরা যারা এখনো করোনারোধী টিকা নেননি তাদের আগামী ৩০ আগস্টের মধ্যে টিকা নেওয়ার জন্য দেশের ৬৮টি কারাগারে চিঠি পাঠিয়েছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগার-১-এর জেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে আরেক বন্দি করোনায় আক্রান্ত হন। এ ভাইরাসটি যাতে কারাগারে ছড়িয়ে না পড়ে এ কারণে দ্রুত করোনার টিকা নেওয়ার জন্য দেশের কারাগারগুলোকে নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, ‘গত বুধবার কারা অধিদপ্তর থেকে একটি চিঠি ইস্যু করে দেশের ৬৮টি কারাগারে পাঠানো হয়েছে। যারা এখনো করোনাভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিন নেননি, তাদের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বন্দিদের টিকার বিষয়ে এখনো নির্দেশনার অপেক্ষায় আছি।’

ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমান সারা দেশে করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকার কর্র্তৃক নির্ধারিত বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সে অনুযায়ী কারা বিভাগের সব কর্মকর্তা, কর্মচারী, কারারক্ষীদের আগামী ৩০ আগস্টের মধ্যে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকাগ্রহণ নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, যেহেতু বন্দিদের ইতিমধ্যে টিকা প্রদান করা হয়নি এবং বিষয়টি প্রক্রিয়াধীন বিধায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো কর্মকর্তা বা কর্মচারী করোনাভাইরাসের টিকা গ্রহণে ব্যর্থ হলে তাদের কারা অভ্যন্তরে বন্দি ব্যবস্থাপনার দায়িত্ব পালন হতে বিরত রাখা হবে।

কাশিমপুর কারাগারের জেল সুপার ও জেলার করোনায় আক্রান্ত : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগার-১-এর জেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন জেল সুপার হালিমা খাতুন ও জেলার রিতেশ চাকমা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন জানান, জেলার রিতেশ চাকমার করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে গত ৪ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, জেল সুপার হালিমা খাতুনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত