বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০১:৪৩ এএম

যতই সময় লাগুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে এনে অবশ্যই রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ‘তাদের ধরার জন্য এবং যাদের সম্বন্ধে আমরা জানি তারা কোথায় আছে তাদের আনার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত আছে। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ গতকাল শুক্রবার ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট শোক দিবস শুধু আওয়ামী লীগের নয়, এটা সারা বাংলাদেশের। তিনি আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। ১৫ আগস্টের হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে ছয়জনের বিচারের ফাঁসির রায় কার্যকর করেছি।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এ বছর লোক সমাগম করে শোক দিবস পালন না করে লকডাউনে কর্মহীন উপজেলার এক হাজার সেলুন, চা দোকানদার ও দর্জি পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হবে।’ এ সময় তিনি নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করার জন্য পরামর্শ দেন।

মতবিনিময় সভার শুরুতে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সামদানী ফেরদৌস, দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়া, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান নান্নু, দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক মো. রফিকুল ইসলাম, আবদুল হালিম হেলাল, দীপক ঘোষ,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত