বনভূমি সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় একটি জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের হুমকি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এ ঘটনা গণমাধ্যমের প্রতি হুমকি। অচিরে ভয়ভীতি প্রদর্শনকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।
বন্যপ্রাণীর অভয়ারণ্য মৌলভীবাজারের লাঠিটিলা সংরক্ষিত বনভূমিকে সাফারি পার্কে রূপান্তরের পরিকল্পনা করছে বন বিভাগÑসম্প্রতি এ রকম একটি সংবাদ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়। বন্যপ্রাণীর জীববৈচিত্র্য হুমকিতে পড়বে এমন আশঙ্কায় এ উদ্যোগের সমালোচনা করেছেন পরিবেশবিদরা। এ ঘটনার পর সাংবাদিকদের বাসা ঘেরাও করার হুমকি দিয়েছেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংরক্ষিত বনের মধ্যে সাফারি পার্ক স্থাপন, অবকাঠামো নির্মাণ হলে জীববৈচিত্র্য ধ্বংস হবে। বন্যপ্রাণীর অস্তিত্ব বিলুপ্তি এবং দীর্ঘমেয়াদে পুরো বন ধ্বংস হয়ে যাওয়ার যে আশঙ্কা পরিবেশ বিশেষজ্ঞরা করছেন, তা অমূলক নয়।
