হিরোশিমা নিয়ে বক্তব্য

ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০১:৫৬ এএম

জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলার ৭৬ বছর পূর্তি উপলক্ষে শহরটিতে আয়োজিত বার্ষিক স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তবে তিনি ‘ভুলবশত’ বক্তব্যের কিছু অংশ এড়িয়ে যান। পরে অবশ্য এমন ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে এএফপি। হিরোশিমার অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করছিলেন প্রধানমন্ত্রী সুগা। বক্তব্য পাঠের সময় তিনি পুরো একটি পাতা এড়িয়ে যান বলে খবরে বলা হয়।

সুগার এক পাতার বক্তব্য এড়িয়ে যাওয়ার বিষয়টি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের মাধ্যমেই সামনে আসে। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারের পাশাপাশি লিখিত ‘সাবটাইটেল’ দেওয়া হচ্ছিল। তবে সুগা বক্তব্যের এক পাতা এড়িয়ে গেলে ‘সাবটাইটেল’ বন্ধ করে দেওয়া হয়। ফলে বিষয়টি নজরে আসে।

তবে জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজের বরাত দিয়ে তারা জানিয়েছে, বাদ পড়া বক্তব্যে বিশ্বের একমাত্র দেশ হিসেবে জাপানের পারমাণবিক বোমা হামলার শিকার হওয়ার কথা উল্লেখ ছিল। এ ছাড়া পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে জাপানের লক্ষ্যের কথাও সেখানে ছিল। এমন ঘটনার পর গতকাল সংবাদ সম্মেলনে আসেন সুগা। লিখিত বক্তব্য এড়িয়ে যাওয়ার বিষয়টিকে ভুল হিসেবে বর্ণনা করে ক্ষমা চান তিনি। সংবাদ সম্মেলনে সুগা বলেন, জাপানে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য অলিম্পিক আয়োজন দায়ী; এমনটা মনে করে না তার সরকার।

করোনা মহামারীর মধ্যে জাপানে অলিম্পিক আয়োজনের জন্য আগে থেকেই সমালোচকদের চাপের মুখে আছেন সুগা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত