নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আরও ২১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে বেলা ১২টায় হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। এ নিয়ে ঢামেক মর্গ থেকে ৪৫ শ্রমিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হলো। নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, ‘আগের প্রক্রিয়া অনুযায়ী আজকে ২১টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের সময় মৃতদেহের দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, এর আগে ২৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩টি লাশের পরিচয় শনাক্ত প্রক্রিয়াধীন রয়েছে।
গত ৮ জুলাই রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ছয়তলা ভবনে আগুন লেগে দগ্ধ ও ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া ৫১টি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর তিনটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট ৪৮টি লাশের চেহারা বোঝা না যাওয়ায় ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
