ভিমরুলের কামড়ে এবার দম্পতির মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০১:৪৫ এএম

হবিগঞ্জের আজমিরিগঞ্জে ভিমরুলের কামড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আবুল মিয়া (৮০) ও রাত আড়াইটার দিকে স্ত্রী অজিতুন্নেছা (৬০) মারা যান। সন্ধ্যার দিকে উপজেলার জুম্মাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

গত মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার সতীরপাড় এলাকায় ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়। এ ছাড়া গত বুধবার রাতে একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা গ্রামে জান্নাত (৫) নামে এক শিশুরও মৃত্যু হয়। এ নিয়ে গত মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত পাঁচ দিনে ভিমরুলের কামড়ে চারজনের মৃত্যু হলো।

আজমিরিগঞ্জের ঘটনায় স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ঝড় শুরু হলে একটি আম গাছ থেকে ভিমরুলের বাসা ভেঙে গিয়ে আবুল মিয়ার বাড়ির দরজার সামনে এসে পড়ে। এ সময় অসংখ্য ভিমরুল আবুল মিয়া ও তার স্ত্রী অজিতুন্নেছাকে কামড়াতে থাকে। একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাদের মৃত্যু হয়।

আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হবিগঞ্জ রেফার্ড করি। কিন্তু তারা হবিগঞ্জ যেতে রাজি না হওযায় এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আজমিরিগঞ্জ থানার ওসি মো. নূরুল ইসলাম জানান, ঘটনার সময় ওই দুজন ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত