চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তারা

সিআরবিতে স্থাপনা নির্মাণের ষড়যন্ত্র

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০১:৫১ এএম

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রামের সিআরবিতে স্থাপনা নির্মাণের নামে লুটপাট ও বাণিজ্যের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা। হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মনে করেন তারা।

গতকাল শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইআইবি) চট্টগ্রাম কেন্দ্রের নেতাদের সঙ্গে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের নেতারা মতবিনিময়কালে বক্তারা এসব কথা বলেন। সভায় চট্টগ্রামের সব প্রকৌশলী সিআরবি রক্ষার আন্দোলনে একাত্মতা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।

আইআইবি চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেন, প্রাচ্যের রানী চট্টগ্রাম একসময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ছিল। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের কারণে আমরা সেই ঐতিহ্য অনেকটা হারিয়েছি। উন্মুক্ত জায়গা, খেলার মাঠ নেই বললেই চলে। একটি মাত্র উন্মুক্ত স্থান সিআরবি, যেখানে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারে, সেটিও ধ্বংস করার পাঁয়তারা চালানো হচ্ছে। সিআরবি এলাকা কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষিত। সিআরবির সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে সাংবিধানিক আইন লঙ্ঘন করা যাবে না। ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবি সংরক্ষণের সুপারিশ রয়েছে। সিআরবির প্রকৃতি নষ্ট করার অধিকার কারও নেই। আগামী প্রজন্মের জন্য যেকোনোভাবে সিআরবি রক্ষা করতে হবে।

সভাপতির বক্তব্যে আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন সিআরবি রক্ষার আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেও সিআরবির মতো নান্দনিক সৌন্দর্যমন্ডিত প্রাকৃতিক পরিবেশ দেখা যাবে না। এখন তা ধ্বংস করা হচ্ছে। কোনোভাবে এটি ধ্বংস করতে দেওয়া যাবে না।

সভায় বক্তব্য দেন নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, আইআইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী মো. হারুন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত