লিওনেল মেসির নতুন গন্তব্যের খবর যেন প্রত্যাশার চেয়েও দ্রুত জানা যাচ্ছে। বার্সেলোনা ছেড়ে আর্জেন্টাইন লিজেন্ড যে পিএসজিতেই যাচ্ছেন তার স্পষ্ট প্রমাণও পাওয়া গেল। তা শুক্রবার রাতেই জানা যাবে আশা করেননি কেউ। পিএসজির মালিক নাসের আল খেলাইফির ভাই খলিফা আল-থানি বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে। টুইটারে তিনি জানান মেসির সঙ্গে সব বনিবনা শেষ, এবার ঘোষণার পালা।
কাতারি শেখের ভাইয়ের ঘোষণা সত্যি না হয়ে পারে না। ঠিক ওই দিনই পেপ গার্দিওলা মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। অথচ গত জুনে সিটির সঙ্গেই মেসির নাম জুড়ে ছিল সবচেয়ে বেশি। এখন সিটির সম্ভাবনা না থাকায় মেসিকে পাওয়ার দৌড়ে টিকে থাকল শুধু পিএসজি। এটাও সত্যি যে, মেসিকে নেওয়ার মতো আর্থিক শক্তি এখন বিশ্বের এ দুই ক্লাব ছাড়া আর কারও নেই। তাই খলিফা আল-থানির কথামতো মেসির পিএসজি যাওয়া শুধু ঘোষণাতেই আটকে আছে। টুইটারে নিজের অফিশিয়াল পেজে আল-থানি লিখেন, ‘আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শিগগিরই একটি ঘোষণা আসবে #মেসি।’ এদিকে আজ বার্সেলোনায় সংবাদ সম্মেলনে কথা বলবেন লিওনেল মেসি।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া পিএসজি এ মৌসুমে চেষ্টার সর্বোচ্চটা ঢেলে দিয়েছে। ইউরো সেরার আসরের সেরাদেরই নিয়েছে তারা। আগে থেকেই দলে আছেন সার্জিও রামোস। চ্যাম্পিয়নস লিগের পরীক্ষিত ম্যাচজয়ী চারবারের এই শিরোপাজয়ী। মেসিও জিতেছেন চারবার। মোট ৮ বারের দুই চ্যাম্পিয়ন এক হতে যাচ্ছেন পিএসজির ড্রেসিং রুমে।
মেসির পিএসজিতে যাওয়া যদি নিশ্চিত হয়েই থাকে তাহলে আর্জেন্টাইনকে কত পারিশ্রমিক দেবে ক্লাবটি! ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো শুক্রবার একটি আনুমানিক হিসাব প্রকাশ করেছেন। তাতে বছরে মেসিকে ট্যাক্স বাদে ৪ কোটি ইউরো দেবে পিএসজি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ কোটি। বিশ্বের সর্বোচ্চ দলবদলের রেকর্ড গড়া নেইমারের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা বেশি পারিশ্রমিক পাবেন মেসি। এতে প্রতি মিনিটে প্রায় ৭ হাজার ৬০০ (৭৬ ইউরো), প্রতি ঘণ্টায় প্রায় ৪ লাখ ৫৭ হাজার ৯০০ (৪,৫৭৯ ইউরো), প্রতি দিনে প্রায় ১ কোটি ৯ লাখ ৮৯ হাজার (১,০৯,৮৯০ ইউরো), প্রতি সপ্তাহে প্রায় ৭ কোটি ৬৯ লাখ ২৩ হাজার (৭,৬৯,২৩০ ইউরো), প্রতি মাসে প্রায় ৩০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার মতো পাচ্ছেন মেসি। এই হিসাবই যদি সত্যি হয় তবে পারিশ্রমিকের হিসাবে এই বয়সে সবচেয়ে বেশি আয় করতে যাচ্ছেন মেসি। ভাগ্যিস দলবদলের অর্থ লাগেনি। তা না হলে নেইমারের রেকর্ডটিই ভেঙে যেত নিশ্চিত।
